ঘৃণার স্তপে উঁকি দেয় ভালোবাসা



লিনাশা লিমা'র একগুচ্ছ কবিতা:



এক জীবনের খামখেয়ালি 


কবিতা আমাকে দিয়েছে

একটা নির্জন পাহাড়, একটা নদী

নৈঃশব্দ্যর ভিতর আনাগোনা 

অবিরত জলছবি, নোটবুক।


করেছে অবিন্যস্ত, ফিরিয়ে দিয়েছে

নিজের কাছে, দিয়েছে—

বেদনার পাশে বসে থাকার মতো 

অবাধ অবসর, প্রথম প্রেমের অনুভূতি

কিছুই না হয়ে উঠার তীব্র প্রেরণা।


কবিতা আমাকে নিঃসঙ্গ করেছে

করেছে শর্তহীন, —একা।



জীবনযাপন


মা উনুনে হাঁড়ি চাপিয়ে ভোর থেকে

সন্ধ্যা অবধি রান্না করেন।

উনুনে...

মায়ের রান্না। 

প্রতিদিন আমরা না খেয়ে ঘুমাতে যাই।


মায়ের রান্না...

প্রতিদিন আমরা...


শীতকাল ফুরিয়ে যায়।

আমাদের ঘরে তবু্,— বসন্ত আসে না! 



আত্মজীবনীর উদ্ধৃত পৃষ্ঠা 


বলি প্রেম মিছে নয় 

যদি চাও চলে যেতে 

চাইলেই দিতে পারি

—বেকসুর খালাস;


যত দূরে যাও—

কানে কানে বলি,

ভালোবাসা শাশ্বত 

ভালোবাসি চিরকাল। 



বসতি

  

চলে যাচ্ছো?

সাবধানে যেও!


যেতে যেতে

এ পথ ভুলে যেও। 


তবে-

কখনো যদি মনে পড়ে,

কিংবা ঘৃণার স্তুপে

উঁকি দেয় ভালোবাসা

আকাশের দিকে চেয়ে

খুঁজে নিও!



এলিজি


সচেতন মুহূর্তের হাতে খুন হওয়া আমি

কবরে শুয়ে আছি;

পাশাপাশি একই কবরে শুয়ে আছে

আমার একযুগ ভয়ংকর জীবন।


"মৃত্যু জীবনের চে' স্বাভাবিক "

এই মতবাদে বিশ্বাসী আমি

মৃত্যুশোক ভুলে নড়েচড়ে উঠলাম  

মৃত্যু পরবর্তী উৎসব পালনে।


প্রথাগত উৎসব চলছেঃ

আমি জলহীন চোখে দেখছিলাম

খোলসের আবরণে উপচে পড়া 

অকৃতজ্ঞ মানুষের আহারভোজ;


এত সহজে ভুলে যায় মানুষ

সময়ের ঋণ,—চলমান জীবন! 


Post a Comment

0 Comments

Close Menu